
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বীর উজলী মডেল একাডেমির অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। তাফসিরুল ইসলাম অনন্ত (১৩) নামের ওই শিক্ষার্থী গত মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে বিদ্যালয় থেকে টিফিনের সময় বের হওয়ার পর আর ফিরে আসেনি। সে উপজেলার ডুমদিয়া গ্রামের সোহাগ রানার ছেলে। মেধাবী ছাত্র হিসেবে পরিচিত অনন্তের রোল নম্বর ৩।
বিদ্যালয় সূত্রে জানা যায়, টিফিনের বিরতিতে অনন্ত শ্রেণিকক্ষ থেকে বের হয়। বিরতি শেষ হওয়ার পর অন্য শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও সে আর ফেরেনি। তাকে না পেয়ে শিক্ষক ও স্থানীয়রা বিভিন্ন এলাকায় খোঁজ শুরু করেন। এক পর্যায়ে স্থানীয়রা বিদ্যালয়ের অদূরে একটি তিনতলা ভবনের ছাদে তার রক্তমাখা জামাকাপড়, জুতা ও পরিচয়পত্র পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনির হোসেন জানান, টিফিনের সময় অনন্তকে শেষবার দেখা গিয়েছিল, এরপর সে আর শ্রেণিকক্ষে ফিরে আসেনি। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক আসাদুজ্জামান আসাদ জানান, অনন্তের নিখোঁজের বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ছাদে তার ব্যক্তিগত সামগ্রী পাওয়ার কথা জানান। এই ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে রক্তমাখা জামা, জুতা ও আইডি কার্ড উদ্ধার করেছেন। তিনি জানান, আলামতগুলো জব্দ করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। নিখোঁজ শিক্ষার্থীর অবস্থান সম্পর্কে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশ ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং তাকে উদ্ধারে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রেখেছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০