
গাজীপুরে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের ফলে নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হওয়ায় কাশিমপুর কারাগার থেকে আসামিদের ট্রাইব্যুনালে নিয়ে আসা সম্ভব হয়নি। এ পরিস্থিতির কারণে ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ক্রসফায়ারে নিহতের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ মঙ্গলবার কোনো সাক্ষ্যগ্রহণ হয়নি। আসামি উপস্থিত না থাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর কার্যক্রম আজ স্থগিত রাখা হয়।
২০১৫ সালে বরিশালে ছাত্রদল ও জাসাসের ওই দুই নেতাকে ক্রসফায়ারে হত্যার ঘটনায় করা এই মামলায় মোট চারজন আসামি রয়েছেন। এদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ এবং বরিশালের তৎকালীন পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহ বর্তমানে পলাতক। অপর দুই আসামি হলেন বরিশালের উজিরপুর থানার সাবেক এএসআই মো. মাহাবুল ইসলাম ও মো. জসিম উদ্দিন। তাঁরা বর্তমানে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।
এ বিষয়ে ট্রাইব্যুনাল প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, আজ মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করার দিন ধার্য ছিল। তবে গাজীপুরের আন্দোলনের কারণে কারা কর্তৃপক্ষ আসামিদের ট্রাইব্যুনালে হাজির করতে পারেনি। আসামির অনুপস্থিতিতে জেরা করা সম্ভব নয় বিধায় ট্রাইব্যুনাল পরবর্তী শুনানির দিন আগামী ১১ নভেম্বর পুনর্নির্ধারণ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০