
মিরপুর ইনডোর স্টেডিয়ামে দেশের ৩২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে পর্দা নামল ‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬’-এর অষ্টম আসরের। তরুণ প্রজন্মের ক্রিকেট উন্মাদনা ও নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠানের সমর্থনে মুখরিত এই টুর্নামেন্টের ফাইনালে শিরোপা জয় করেছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। দলের অধিনায়ক শরিফুল ইসলামের নেতৃত্বে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে তারা টুর্নামেন্টে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। মিরপুর ইনডোর স্টেডিয়ামে ব্যাটে-বলের জমজমাট লড়াই ও দর্শকদের উচ্ছ্বাসে এক প্রাণবন্ত আবহ তৈরি হয়।
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে দর্শকদের জন্য ছিল নানা বৈচিত্র্যময় আয়োজন। মূল পর্ব শুরুর আগে ৩২টি বিশ্ববিদ্যালয়ে ট্রফি রাইড অনুষ্ঠিত হয়। এছাড়া ভেন্যুতে দর্শকদের রোমাঞ্চিত করতে রাখা হয় হেলিকপ্টার রাইড এবং বিভিন্ন উপহার জেতার সুযোগ। বিশেষ করে ‘ক্যাচ ইট, উইন ইট’ প্রোগ্রামের আওতায় গ্যালারি থেকে বল ক্যাচ ধরে নগদ ৫০০ টাকা জেতার সুযোগ লুফে নেন শিক্ষার্থীরা, যা টুর্নামেন্টের আমেজ বাড়িয়ে দেয় বহুগুণ।
টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন বলেন, গত আট বছর ধরে এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা তরুণদের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত করছি। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের এই পথচলাকে অনেক বেশি সমৃদ্ধ ও প্রাণবন্ত করে তুলেছে। ভবিষ্যতেও তরুণদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জহুরুল আলম আয়োজনের সাফল্য তুলে ধরে বলেন, তরুণদের ক্রিকেটীয় আবেগ উদযাপনের উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন। ৩২টি বিশ্ববিদ্যালয়ের সক্রিয় অংশগ্রহণে প্রতিটি ম্যাচ অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে এবং টুর্নামেন্টটি সামগ্রিকভাবে সফল হয়েছে। আগামীতে আরও বড় পরিসরে এই আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০