গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৩টি ঘর এবং পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে স্থানীয় বাসিন্দা রাসেল আহমেদ ও আমিনুল ইসলামের মালিকানাধীন দুটি কলোনিতে এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা এক কলোনি থেকে পাশের কলোনিতে ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে।
স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দমকল বাহিনীর কর্মীদের প্রায় দুই ঘণ্টার নিরলস প্রচেষ্টায় রাত ৩টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই অগ্নিকাণ্ডে কলোনিগুলোর ঘর ও দোকানগুলো ভস্মীভূত হয়ে যায়।
এ বিষয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির মোট পরিমাণ তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০