
কাতারের রাজধানী দোহার ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহহাব মসজিদে শুরু হয়েছে মর্যাদাপূর্ণ ‘শাইখ জাসেম বিন মুহাম্মদ বিন থানি আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা’র ‘সেরাদের সেরা’ বা বেস্ট অব দ্য বেস্ট তৃতীয় আসর। বিভিন্ন দেশের আন্তর্জাতিক প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জনকারী মেধাবী হাফেজদের অংশগ্রহণে আয়োজিত এই মেগা ইভেন্টটি বিশ্বজুড়ে বিশেষ গুরুত্ব বহন করে।
মারসাল কাতার ও আন্তর্জাতিক কোরআন বার্তা সংস্থা ইকনা’র তথ্য অনুযায়ী, এবারের আসরে ১৯টি দেশের ৪২ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। গত সোমবার থেকে শুরু হওয়া প্রথম পর্ব চলবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত। প্রতিযোগিতার প্রথম দিনে সকাল ও বিকেলের সেশনে আটটি দেশের নয়জন প্রতিযোগী হিফজ ও তেলাওয়াতের দক্ষতা প্রদর্শন করেছেন। এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মুআজ মাহমুদ।
আয়োজক কমিটির ঘোষণা অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর প্রথম পর্ব থেকে সেরা ১০ জন ফাইনালিস্টের নাম চূড়ান্ত করা হবে। এরপর ১৬ ও ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। চূড়ান্ত বিজয়ী হাফেজকে প্রধান পুরস্কার হিসেবে এক মিলিয়ন কাতারি রিয়াল প্রদান করা হবে।
প্রতিযোগিতায় অংশ নেওয়া হাফেজরা জানান, কুরআন মুখস্থ করার এই সফর তাদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে। নিয়মিত তিলাওয়াত ও অনুশীলনের ফলে তাদের স্মৃতিশক্তি প্রখর হওয়ার পাশাপাশি সময় ব্যবস্থাপনা ও দায়িত্ববোধের মতো গুণাবলি বিকশিত হয়েছে। তারা জানান, এই অর্জনের পেছনে তাদের বাবা-মা ও শিক্ষকদের সুনির্দিষ্ট রুটিন ও নিরলস উৎসাহ মূল ভূমিকা রেখেছে। কুরআন হিফজ তাদের ভাষাগত দক্ষতার পাশাপাশি নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন এনেছে বলে তারা উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০