
তুরস্কে চলমান ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন বা কপ-৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের এই তুরস্ক সফরের দ্বিতীয় দিনে সকালে সম্মেলনস্থলে উপস্থিত হয়ে তিনি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, নতুন নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক মহলের ইতিবাচক দৃষ্টিভঙ্গি স্পষ্ট। নির্বাচনে জনম্যান্ডেট পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর পাশাপাশি বিভিন্ন দেশের নেতারা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। বুধবার সম্মেলনের উদ্বোধনী সেশনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বসেন। এর আগে বুধবার (১১ নভেম্বর) সম্মেলনের উদ্বোধন অধিবেশনে অংশ নেন প্রধানমন্ত্রী।
বুধবারের কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান পাকিস্তান, ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট এবং মলদোভা ও কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া ওআইসি মহাসচিবের সঙ্গেও তার গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এই সফরকালে উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গেও তিনি পৃথক বৈঠক করেন। এসব আলোচনায় বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উঠে এসেছে।
বৈঠকগুলোতে প্রধানমন্ত্রী ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। অন্যদিকে, সিরিয়া সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি ও অবকাঠামো পুনর্গঠনে সহযোগিতার আগ্রহ ব্যক্ত করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা গুরুত্ব পায়। এছাড়া ওআইসি মহাসচিবের সঙ্গে আলাপকালে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি নিজের দৃঢ় সমর্থন জানিয়েছেন প্রধানমন্ত্রী।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০