
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্যবৃদ্ধির নেপথ্যের কারণগুলো বিস্তারিত ব্যাখ্যা করেছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)। এ বিষয়ে জনসাধারণের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ ও বিভিন্ন প্রশ্নের প্রেক্ষিতে বৃহস্পতিবার সংগঠনের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আহসানুল জব্বার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ব্যাখ্যা দেওয়া হয়।
সংগঠনটির তথ্যানুযায়ী, একটি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মোট দামের প্রায় ৮০ শতাংশই নির্ভর করে আন্তর্জাতিক বাজার থেকে গ্যাস ক্রয় এবং আমদানির ব্যয়ের ওপর। অবশিষ্ট ২০ শতাংশের মধ্যে ভ্যাট-ট্যাক্স, বোতলজাতকরণ, মুনাফা, পরিবহন এবং ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন অন্তর্ভুক্ত থাকে। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে তা দেশের বাজারে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।
লোয়াব জানিয়েছে, সৌদি আরামকোর কন্ট্রাক্ট প্রাইস (সিপি) অনুযায়ী গত এক বছরে কাঁচামালের দাম বেশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে প্রতি টন গ্যাসের গড় মূল্য ছিল প্রায় ৫৫২ ডলার, যা ২০২৬ সালে বেড়ে দাঁড়িয়েছে ৬৬৬ ডলারে। এতে কাঁচামাল কেনাতেই প্রায় ২১ শতাংশ ব্যয় বেড়েছে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী ও বাব-এল-মান্দেব নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে, যা সরবরাহ ব্যবস্থাকে অনিশ্চিত করে তুলেছে। এলপিজির মূল্যবৃদ্ধির অন্যতম প্রধান কারণ হিসেবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে উল্লেখ করেছে লোয়াব। একই সঙ্গে প্রচলিত অনেক সরবরাহ চুক্তি বাতিল হয়েছে এবং অনেক চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এর ফলে বিশ্বব্যাপী সংকটের মধ্যেও দেশে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে।
সংকটময় এই সময়ে দেশের জ্বালানি নিরাপত্তা রক্ষায় সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে এলপিজি আমদানির উদ্যোগ নিয়েছিল, যার ফলে বর্তমানে দেশের মোট চাহিদার ৮০ শতাংশই যুক্তরাষ্ট্র থেকে আসছে। তবে আমদানির ক্ষেত্রে ডলারের বিপরীতে টাকার মান প্রায় ৩ শতাংশ কমে যাওয়ায় ব্যবসায়ীদের স্থানীয় মুদ্রায় এলসি খোলা ও আমদানি ব্যয় আরও বেড়েছে।
বিজ্ঞপ্তিতে ভারতের সঙ্গে দামের পার্থক্যের কারণও ব্যাখ্যা করা হয়েছে। ভারতের বন্দরগুলোতে পর্যাপ্ত গভীরতা থাকায় বড় আকারের ভেরি লার্জ গ্যাস ক্যারিয়ার (ভিএলজিসি) জাহাজ সরাসরি জেটিতে ভিড়তে পারে, যা মাত্র তিন থেকে চার দিনে ৪২ হাজার টন গ্যাস খালাস করতে সক্ষম। বাংলাদেশের বন্দরগুলোতে প্রয়োজনীয় ড্রাফট না থাকায় গভীর সমুদ্রে ছোট জাহাজে পণ্য স্থানান্তর করতে হয়, যাতে প্রায় ২৫ দিন সময় লাগে। একটি ভিএলজিসি জাহাজের পেছনে দৈনিক প্রায় ২ লাখ ডলার ব্যয় হয়, ফলে ২০ দিনের লাইটারিং প্রক্রিয়ায় অতিরিক্ত ৪০ লাখ ডলার বা চার মিলিয়ন ডলার খরচ হচ্ছে, যা সরাসরি ভোক্তাপর্যায়ে প্রভাব ফেলে। পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের এলপিজির দামের তুলনা প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের বাজারব্যবস্থা, অবকাঠামো, উৎপাদন সক্ষমতা এবং সরকারি আর্থিক সহায়তার মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে।
ভবিষ্যতে মহেশখালীতে ল্যান্ড টার্মিনাল নির্মিত হলে এই ব্যয় কমে আসবে বলে সংগঠনটি আশা প্রকাশ করেছে। অন্যদিকে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় সরকার ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কঠোর অবস্থান নিয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ নির্ধারিত মূল্য বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে লোয়াব তাদের সকল অপারেটর ও পরিবেশককে বিইআরসি নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি এবং নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখার কঠোর নির্দেশনা প্রদান করেছে। কোন্ পরিস্থিতিতে কি কারণে দাম বাড়ছে এবং এ নিয়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে আসা বিভিন্ন প্রশ্ন এবং উদ্বেগের জবাবও দিয়েছে সংগঠনটি।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০