
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ফল-২০২৬ সেমিস্টারের নবীনবরণ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি। নবীনদের অভিনন্দন জানিয়ে তিনি প্রাতিষ্ঠানিক জীবনের যাবতীয় সুযোগ লুফে নেওয়ার তাগিদ দেন। একই সঙ্গে শ্রেণিকক্ষের বাইরের সুযোগ ব্যবহার, সমালোচনামূলক চিন্তাভাবনার চর্চা এবং সমাজ গঠনে ভূমিকা রাখতে নিজেদের প্রস্তুত করার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে নতুনদের স্বাগত জানান ইউল্যাবের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা। তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় কেবল ডিগ্রি নেওয়ার স্থান নয়; এটি জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ গড়ার অন্যতম ক্ষেত্র। প্রথাগত পড়াশোনার পাশাপাশি ক্যাম্পাসের নানা সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হয়ে নিজেদের মেধা ও মনন বিকশিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
নবীনবরণ আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল উপাচার্য কর্তৃক শিক্ষার্থীদের উপহার দেওয়া বকুল ফুলের বীজসমৃদ্ধ 'সিড বক্স'। প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত জীবনের রূপান্তরের প্রতীকী বার্তা হিসেবে এই অনন্য উদ্যোগ নেওয়া হয়। শিক্ষার্থীরা এই বীজ রোপণ ও পরিচর্যার মাধ্যমে নিজেদের বেড়ে ওঠার সঙ্গে গাছের বিকাশের গল্পও শেয়ার করার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে ইউল্যাবের সহ-উপাচার্য অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো, বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা ও কোষাধ্যক্ষ অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, অ্যালামনাই ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অভিজ্ঞতা বিনিময় পর্বে কথা বলেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। সবশেষে ইমন চৌধুরী অ্যান্ড বেঙ্গল সিম্ফনির আকর্ষণীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০