
সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই পাঁচ দিন ধরে আটকে রাখার পর মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক আবেদ আবু শাদেহ। গত রোববার (৮ নভেম্বর) কারামুক্ত হওয়ার পর তিনি সাংবাদিকদের জানান, তাকে আটক করার এই পুরো বিষয়টি কেবলমাত্র তার ব্যক্তিগত হেনস্তা নয়, বরং পুরো আরব সমাজকে ভয় দেখানোর জন্য নেওয়া একটি রাজনৈতিক পদক্ষেপের অংশ ছিল।
আবু শাদেহ দৃঢ়ভাবে ঘোষণা করেছেন যে, এই পরিস্থিতিতে অবিচল থেকে সত্যের পথে কাজ চালিয়ে যাওয়াই তার লক্ষ্য। তিনি বলেন, আমার মতে, এর সবচেয়ে উপযুক্ত জবাব হলো নিজেদের মধ্যে এই বিশ্বাস আরও দৃঢ় করা যে, আমরা সঠিক পথে আছি, আমাদের পথ সত্যের পথ।
সাংবাদিক হিসেবে তিনি তার পেশাগত দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। উল্লেখ্য যে, গত ৩ নভেম্বর মঙ্গলবার রাতে জাফাতে তার বাড়িতে ১৫ জন ইসরায়েলি নিরাপত্তা সদস্য অভিযান চালায়। সেসময় তার দুই সন্তানের সামনেই তাকে আটক করা হয় এবং তার মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও নথিপত্র জব্দ করে নিয়ে যায় বাহিনীটি।
আটকের পর তাকে তেল আবিবের পেতাহ টিকভায় অবস্থিত শিন বেত গোয়েন্দা সংস্থার একটি স্থাপনায় বন্দি রাখা হয়েছিল। মানবাধিকার সংগঠন 'আদালাহ'-এর ভাষ্যমতে, বিদেশি উৎস থেকে অর্থ গ্রহণ ও আরব ভোটারদের সমর্থনের সন্দেহে তাকে আটক করা হয়েছিল। তিনি মূলত আরব৪৮ ওয়েবসাইটের ‘আল-মিদান’ পডকাস্ট এবং আল জাজিরায় বিশ্লেষক হিসেবে কাজ করতেন।
আদালতে শাদেহের আইনি পরামর্শদাতা ও আদালাহর আইনজীবী হাদিল আবু সালিহ জানান, প্রথম দিন থেকেই পুলিশের কাছে তার মক্কেলের বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না। তার বিরুদ্ধে আনা সন্দেহের একমাত্র ভিত্তি ছিল কাতারে অবস্থানকালে ফিলিস্তিনি বুদ্ধিজীবী আজমি বিশারার সঙ্গে একটি প্রকাশ্য কথোপকথন।
আইনজীবী সালিহর অভিযোগ, ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোতে যেসব বিষয়ে নিয়মিত আলোচনা হয়, শাদেহও সেসব নিয়েই কথা বলেছিলেন। অথচ ফিলিস্তিনি হওয়ার কারণে সেই আলোচনাকেই অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। ইসরায়েলি রাষ্ট্রযন্ত্র তাকে সাংবাদিকের পরিবর্তে রাজনৈতিক পরামর্শক হিসেবে প্রমাণ করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। কিংবা ফিলিস্তিনিরা যখন তাদের রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করতে চাইছেন, তখন একে অপরাধ হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলের রাষ্ট্রব্যবস্থা সেই আলোচনা ও বিশ্লেষণকেই অপরাধ বলে সন্দেহ করছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০