
গাজা সিটির দক্ষিণাঞ্চলের সাবরা এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনি ফুটবলার মাহমুদ কামাল ফারেস আবদেল-মালেক। মাত্র ২০ বছর বয়সি এই ক্রীড়াবিদ গাজা স্পোর্টস ক্লাবের গোলরক্ষক ও অধিনায়কের দায়িত্ব পালন করছিলেন। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
পিএফএর তথ্যমতে, গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনের ওপর চলমান ইসরায়েলি সামরিক অভিযানে নিহত ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিদের তালিকায় তিনি ১ হাজার ১৭তম। মৃত্যুর মাত্র পাঁচ দিন আগে তিনি গাজা ও উত্তর গাজার বিভাগীয় পর্যায়ের ‘থাউজ্যান্ড মার্টার্স কাপ’ টুর্নামেন্টের ফাইনালে অংশ নিয়েছিলেন। ২০২৩ সালের অক্টোবর থেকে নিহত এক হাজারের বেশি ক্রীড়াবিদ ও কর্মকর্তাদের স্মরণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
গাজা স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘ক্লাবের কিংবদন্তি’ হিসেবে অভিহিত করে শোক জানানো হয়েছে।
আলজাজিরার তথ্য অনুযায়ী, টুর্নামেন্টটির ফাইনালে গাজা স্পোর্টস ক্লাব রানার্সআপ হয়েছিল। আলজাজিরা গত সপ্তাহে টুর্নামেন্টটির ফাইনালের খবর প্রকাশ করেছিল।
গাজা, পশ্চিম তীর এবং লেবাননের ফিলিস্তিনি শরণার্থীশিবির মিলিয়ে ২০০টিরও বেশি ক্লাব এই আয়োজনে অংশ নেয়। পিএফএ সভাপতি জিবরিল রাজুব বলেন, এই টুর্নামেন্ট ফিলিস্তিনিদের অদম্য জাতীয় ইচ্ছাশক্তি ও জীবনের প্রতি আশাবাদের প্রতীক। এর মধ্যে অধিকৃত পশ্চিম তীরের ১৪৬টি, গাজার ৪৪টি এবং লেবাননে ফিলিস্তিনি শরণার্থীশিবিরগুলোর ৩৬টি ক্লাব ছিল। তিনটি স্থানে একই সময়ে টুর্নামেন্ট শুরু হয়। তিনি আরো বলেন, ‘খেলাধুলা যে আশা ও জীবনের প্রতীক হয়ে থাকবে, সেই বিশ্বাসও আমরা হারাইনি।’।
ফিলিস্তিনি ক্রীড়াঙ্গনে এমন মৃত্যুর ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। গত শুক্রবার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বন্ধুদের সঙ্গে খেলার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৫ বছর বয়সি মোহাম্মদ নিদাল বারবাক নিহত হন। ফিলিস্তিন স্পোর্টস মিডিয়া ফেডারেশনের মহাসচিব মুস্তাফা সিয়ামের ভাষ্যমতে, এ ধরনের প্রাণহানি এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ফলে ফিলিস্তিনি ক্রীড়াঙ্গন বর্তমানে চরম অস্তিত্বের সংকটে পড়েছে।
গত আগস্টে আনাদোলু সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মুস্তাফা সিয়াম জানিয়েছিলেন, গাজায় থাকা ৫৬টি ক্রীড়া ক্লাবের মধ্যে ৫০টিরও বেশি ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এছাড়া ফিফার সহায়তায় নির্মিত প্রায় ২০টি ছোট ফুটবল মাঠও রেহাই পায়নি। স্টেডিয়াম, প্রশিক্ষণ একাডেমি এবং বিভিন্ন ক্রীড়াকেন্দ্র বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
ফিলিস্তিনি ক্রীড়া কর্মকর্তাদের অভিযোগ, আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। বেইতার জেরুজালেমের মতো ক্লাবের বর্ণবাদী আচরণের প্রমাণ থাকার পরও ফিফার নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে পিএফএ। গত মার্চে পিএফএ ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে (আইএফএ) বিশ্ব ফুটবল থেকে নিষিদ্ধ করার দাবি জানায়। বৈষম্যবিরোধী নীতিমালা একাধিকবার লঙ্ঘনের অভিযোগ থাকা সত্ত্বেও ইসরাইলের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়নি সংস্থাটি।
এ বিষয়ে জিবরিল রাজুব জানান, ফিলিস্তিনি খেলোয়াড়দের মৃত্যু ও ক্রীড়া অবকাঠামো ধ্বংসের ঘটনায় তারা সব আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ইসরায়েলি কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৭৪ হাজার ৬৪৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজার ৯৭৮ জন আহত হয়েছেন। ইসরাইলি ক্রীড়া কর্মকর্তাদের কথিত অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে রাজুব বলেন, তিনি গাজায় তিন বছর ধরে চলা গণহত্যার মধ্যে খেলোয়াড়দের নিহত হওয়ার ঘটনা এবং ভূখণ্ডটির বহু ক্রীড়া স্থাপনা ধ্বংসের কথা উল্লেখ করছেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০