
ইংল্যান্ডের দেয়া ৪৩০ রানের পর্বতসম লক্ষ্য তাড়া করে ওয়ানডে ক্রিকেটে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। রোমাঞ্চকর এই ম্যাচে ১ বল ও ২ উইকেট হাতে রেখে জয় ছিনিয়ে নেয় লঙ্কানরা। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এর আগে ২০০৬ সালে অস্ট্রেলিয়ার ৪৩৪ রান ডিঙিয়ে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা, যা ২০ বছর ধরে শীর্ষ রেকর্ড হিসেবে অক্ষত রয়েছে। পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ম্যাচে দুই দল মিলিয়ে তোলে মোট ৮৫৯ রান, যা ওয়ানডেতে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের দ্বিপক্ষীয় মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড।
বিশাল রান তাড়া করতে নেমে লঙ্কানদের জয়ে বড় ভূমিকা রাখেন প্রভিনরত্নায়েকে। তিনি ১০৬ বলে ১৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৩০ রানের চমৎকার এক ইনিংস উপহার দেন। তবে সেঞ্চুরির খুব কাছে গিয়েও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন সাবেক অধিনায়ক দাসুন শানাকা ও ওপেনার আবিস্কা ফার্নান্দো। দুজনেই মাত্র ৩ রানের জন্য শতক থেকে বঞ্চিত হন। শানাকা ৫০ বলে ৬টি চার ও ৮টি ছক্কায় বিধ্বংসী ৯৭ রান করেন। অন্যদিকে আবিস্কা ৮৩ বলে ১১টি চার ও ২টি ছক্কায় সাজান তার ৮৩ রানের ইনিংসটি। তিনি মাত্র ৩ রানের জন্য তিন অঙ্কের ম্যাজিকফিগার স্পর্শ করতে পারেননি।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৪২৯ রানের বিশালাকার সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। দলের পক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে নতুন ইতিহাস গড়েন হ্যারি ব্রুক। তিনি মাত্র ১১৬ বল খেলে ২১টি চার ও ১০টি ছক্কার তাণ্ডবে ২০২ রানের অনবদ্য ইনিংস খেলেন। ইংল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে দ্বিশতক হাঁকানোর কীর্তি এটি। ব্রুক তার ইনিংসে বাউন্ডারি থেকেই নেন ১৪৪ রান, যা জস বাটলারের ১২৪ রানের রেকর্ড ভেঙে ইংলিশদের জন্য বাউন্ডারিতে সর্বোচ্চ রানের নজির গড়ে। এর আগে ইংলিশদের ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল বেন স্টোকসের ১৮২ রান। ৪২৯ রানের পাহাড় গড়েও জিততে পারল না ইংল্যান্ড। এর আগে এক দিনের ম্যাচে বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ১২৪ রান করেছিলেন জস বাটলার।
ইংল্যান্ডের বিশাল ইনিংসে অন্যান্য ব্যাটারদের মধ্য থেকে কার্যকরী অবদান রাখেন উইল জ্যাকস। তিনি ৩০ বলে ৮টি চার ও ৩ ছক্কায় ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া জো রুট ৬৬ বলে ৮ চারে ৬৯ রান, ওপেনার টম ব্যান্টন ৫১ বলে ৯ চারে ৫০ রান এবং বেন ডাকেট ৩৯ বলে ২৯ রান করে দলের বড় স্কোরে ভূমিকা রাখেন। বিপুল রান সংগ্রহ করেও শেষ পর্যন্ত শ্রীলঙ্কার অবিশ্বাস্য লড়াইয়ের কাছে হার মানতে হয় ইংলিশদের।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০