
রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মোট ১১ জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার ১৬ নভেম্বর সকালে কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ১০ জনকে আদালতে নিয়ে আসা হয়। এরপর দুপুর ১২টা ১ মিনিটে মামলার অপর আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে আনা হয়।
ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এদিন আসামিপক্ষের শুনানির দিন ধার্য ছিল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে এই মামলার বিচার কার্যক্রম চলছে। সোমবার হাজির করা অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।
প্রিজনভ্যান থেকে নামানোর সময় দেখা যায়, দীপু মনি, ফারজানা রুপা এবং শাহরিয়ার কবির বাদে বাকি আসামিদের হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো হয়েছে। তাদের সবাইকে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়। এ সময় লতিফ সিদ্দিকী ও হাসানুল হক ইনুসহ অধিকাংশ আসামির মুখে গাম্ভীর্য ছিল, তবে শামসুল হক টুকুকে স্বাভাবিক হাস্যোজ্জ্বল দেখা গেছে।
এর আগে গত ১২ নভেম্বর চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানিয়েছিলেন। প্রসিকিউশন মামলায় দুটি প্রধান অভিযোগ এনেছে। এর মধ্যে প্রথমটি হলো ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা এবং দ্বিতীয়টি হলো ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার ঘটনা। দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যাযজ্ঞের ঘটনা উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০