
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে আলোচনা করেছেন। সংঘাত ও অস্থিরতা কমাতে সংলাপের ওপর গুরুত্বারোপ করেছেন কাতারের আমির। আলোচনার সময় তিনি নৌ চলাচল এবং জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করার ওপরও বিশেষ গুরুত্ব দিয়েছেন। আলোচনায় আঞ্চলিক উত্তেজনা প্রশমনে চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে কথা বলেন তারা।
একই সময়ে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিয়েছে তেহরান। এ বিষয়ে সংশ্লিষ্ট এক ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, কাতারের মাধ্যমে ওয়াশিংটনের কাছে এই বিশেষ প্রস্তাব পাঠানো হয়েছে। বর্তমানে মার্কিন প্রশাসন প্রস্তাবটি পর্যালোচনার কাজ করছে।
ইরানের পক্ষ থেকে সাতটি সুনির্দিষ্ট দাবি তোলা হয়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত সম্পদ অবমুক্ত করা এবং যুদ্ধের ক্ষতিপূরণ প্রাপ্তির বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। ওই কর্মকর্তার ভাষ্যমতে, এই দাবিগুলোর সমাধান ছাড়া প্রস্তাবটি নিয়ে কোনো প্রকার আলোচনা বা সমঝোতায় পৌঁছানো সম্ভব নয়।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো ধরনের প্রাথমিক আলোচনার টেবিলে অবশ্যই পারমাণবিক ইস্যুতে আলোচনার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। কাতারের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক যোগাযোগের এই প্রক্রিয়াটি বর্তমানে বেশ গুরুত্ব পেয়েছে। তবে উভয়পক্ষের দাবির মধ্যে বড় ধরনের মতপার্থক্য থাকায় এই আলোচনা কতটা সফল হবে, তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০