
দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের ঐতিহাসিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ ও ভাবগাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতিবৃন্দ এবং মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত থাকবেন। এছাড়া বাংলাদেশে নিয়োজিত বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গও আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নেবেন। এদিকে, অনুষ্ঠান চলাকালীন নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবনের আশপাশের এলাকায় যানবাহন চলাচলের ক্ষেত্রে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কিছু বিশেষ নির্দেশনা জারি করেছে। তবে আমন্ত্রিত অতিথিদের যাতায়াতের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন ৮৮ ভোট।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ এবং রাষ্ট্রের অন্য সব ব্যক্তির ঊর্ধ্বে তার অবস্থান। রাষ্ট্রের আনুষ্ঠানিক সব কার্যক্রম রাষ্ট্রপতির নামেই পরিচালিত হয়। দীর্ঘ সময় পর সরাসরি ভোটের মাধ্যমে নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচিত হওয়ার এই প্রক্রিয়াটি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০