
আজ সোমবার থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলমান এই অধিবেশন প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে বসবে, তবে সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার কার্যক্রম বন্ধ থাকবে। অধিবেশন পরিচালনাসহ সার্বিক কার্যক্রমের রূপরেখা নির্ধারণে রোববার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। গতকাল রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে অধিবেশনের সময়সীমা নিয়ে আলোচনা হয় এবং ১৮ নভেম্বর সমাপ্তির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রয়োজনে স্পিকারকে সময় বা কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা দেওয়া হয়েছে। সংসদের প্রথম দিনই পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ—এই তিনটি অধ্যাদেশ উপস্থাপন করা হবে। এছাড়া একটি সরকারি বিলও অধিবেশনে উত্থাপনের অপেক্ষায় রয়েছে। এগুলো হলো— পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬।
সংসদের প্রশ্নোত্তরের তালিকায় এবার বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং বিভিন্ন মন্ত্রীর জন্য ৩ হাজার ৫৭৭টিসহ মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে। এর বাইরে বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ৯২টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী ২৮১টি সিদ্ধান্ত প্রস্তাব জমা পড়েছে।
সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার একটি প্রস্তাব বৈঠকে তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা উপস্থিত সকলে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানান। অধিবেশন ও সংসদ ভবনের আধুনিকায়নের বিষয়েও সভায় গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া জানিয়েছেন, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে সোমবার বিকেলে সংসদ ভবনের নতুন সাউন্ড সিস্টেম উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী সংসদের সাউন্ড সিস্টেমের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া জানান, সোমবার বিকেল ৩টা ৩০ মিনিটে গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধানে সাউন্ড সিস্টেম উদ্বোধন করা হবে।
জাতীয় সংসদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অগ্রগতি তুলে ধরেন উপকমিটির আহ্বায়ক ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি জানান, এখান থেকে সাত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব, যেখানে সংসদের চাহিদা প্রায় ছয় মেগাওয়াট। উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা যাবে। প্রধানমন্ত্রী এ সময় বিদ্যুৎ সংরক্ষণের সুবিধার দিকে নজর রাখার নির্দেশনা দেন। এছাড়া ডেপুটি স্পিকার ই-পার্লামেন্ট কার্যক্রম ও শূন্য পদে জনবল নিয়োগের সর্বশেষ পরিস্থিতি কমিটিকে অবহিত করেন।
বৈঠকে বিরোধী দলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, মো. নূরুল ইসলাম মনি, মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম এবং মো. নাহিদ ইসলাম অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০